কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নূর জাহান ওই কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রী এবং ৬১তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ এলাকার মৌছাগাছায়।
পরিবার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর নূর জাহান ডেঙ্গুতে আক্রান্ত হন। পরবর্তীতে তার শারীরিক অবস্থা বেগবান হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিভাগীয় প্রধান অধ্যাপক মশিউর রহমান ভূঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, "নূর জাহান অত্যন্ত নম্র-ভদ্র মেয়ে ছিল। বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করত। সে বেশ সৃজনশীল ছিল। তার মৃত্যুর সংবাদে আমরা অত্যন্ত ব্যথিত।"
কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা নূর জাহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।