কুমিল্লার মুরাদনগরে এক বিধবা নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে পারিবারিক বিরোধের জেরে মামাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত ভাগনেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনাটি ঘটে গত শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার আকুবপুর ইউনিয়নের কুড়েরপাড় গ্রামে। নিহতের নাম মাসুদ মিয়া (৪০), তিনি ওই গ্রামের মৃত হাসন আলীর ছেলে এবং পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন। পুলিশ যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তার নাম মিলন মিয়া ওরফে শিপন (২৩), তিনি একই উপজেলার কুরবানপুর গ্রামের আনিস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে ও পুলিশি তথ্যানুসারে জানা যায়, শনিবার রাতে মাসুদ মিয়া যখন পাশের একটি মুদি দোকানে গিয়েছিলেন, তখন শিপন তাকে ডেকে দোকানের বাইরে নিয়ে যান। এরপর দোকান থেকে কিছুটা দূরে একটি নির্জন ও ফাঁকা জায়গায় তাকে লক্ষ্য করে ছুরিকাঘাত করা হয়। এসময় দুজনের মধ্যে ধস্তাধস্তির শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে শিপন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়।
নিহতের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একই বিধবা নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা নিয়ে মামা ও ভাগনের মধ্যে দীর্ঘ সময় ধরে বিরোধ চলছিল। এই বিরোধের কারণে এর আগেও তাদের মধ্যে মারধরের ঘটনা ঘটেছিল। সেই পুরনো রেষারেষি ও প্রেমের দ্বন্দ্বের জেরেই পরিকল্পিতভাবে মাসুদকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আনোয়ার হোসেন মুক্তকণ্ঠকে বলেন, “প্রেমসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার বিকেলে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।”