ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় বিতর্ক সৃষ্টির পর আগের পাঁচ সদস্যের তদন্ত কমিটি বাতিল করে নতুন ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম মুক্তকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।

নতুন কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন, সংশ্লিষ্টদের গাফিলতি চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে করণীয়সহ সার্বিক বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। হাসপাতালের ইউনিট প্রধান (মেডিসিন) অধ্যাপক ডা. গোলাম রহমানকে সভাপতি ও সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খানকে সদস্যসচিব করা হয়েছে। অন্য সদস্যরা হলেন—সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ (দক্ষিণ)-এর নির্বাহী প্রকৌশলী, ডেন্টাল সার্জন ডা. মোহাম্মদ খন্দকার মো. আনোয়ার হোসেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।

উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বলেন, আলোচনার প্রেক্ষিতে নতুন কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, অগ্নিকাণ্ডের দিন সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিল। ওই কমিটির সভাপতি ছিলেন অধ্যাপক ডা. গোলাম রহমান। সদস্যরা ছিলেন ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান, ময়মনসিংহ গণপূর্ত বিভাগের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস, নেত্রকোনার কেন্দুয়ার উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম) মো. মাজেদুর রহমান এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।

হাসপাতালের লিফটগুলোর রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব গণপূর্ত অধিদপ্তরের। লিফট কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রথম তদন্ত কমিটিতে ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসকে রাখা নিয়ে প্রশ্ন ওঠে। তার সংশ্লিষ্ট দপ্তরকে তদন্ত কমিটিতে রাখায় তদন্তের নিরপেক্ষতা নিয়ে সচেতন মহলে প্রশ্ন তোলায় আগের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়।

অগ্নিকাণ্ডের পরদিন মঙ্গলবার জেলা প্রশাসনও পৃথকভাবে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান আহ্বায়ক হিসেবে থাকবেন। এই কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও ঘটনার সার্বিক বিষয় তদন্ত করে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গত সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় লিফট কন্ট্রোল রুম অতিরিক্ত উত্তপ্ত হয়ে আগুন ও ঘন ধোঁয়ার সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের এক ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।