ঢাকার চাঁনখারপুল এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক চন্দ্র পালের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পি কে গাঙ্গুলী লেনের একটি চারতলা ভবনের ওই মেস থেকে তাঁর লাশ পাওয়া যায়।

অনিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুরে। বংশাল থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনার বিবরণ দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয় রেবু মুক্তকণ্ঠকে বলেন, "রাতে অনিক মেসের কক্ষে একাই ছিলেন। দীর্ঘ সময় কক্ষের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে মেসের অন্য সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তখন তাঁকে ঘরের ফ্যান ঝোলানোর রডের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।"

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল মুক্তকণ্ঠকে বলেন, "প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। অনিকের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।"

পুলিশ সূত্র জানিয়েছে, অনিকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।