চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) টানা ছয় মাস বন্ধ থাকার পর আবারও সার উৎপাদন শুরু করেছে। রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটির কারখানা গত ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে ইউরিয়া সার উৎপাদনে যুক্ত হয়েছে।

চলতি বছরের ৪ মার্চ থেকে তীব্র গ্যাস সংকটের কারণে কারখানাটির উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর পুনরায় কারখানা চালু হওয়ায় কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মধ্যে স্বস্তির সঞ্চার হয়েছে।

কারখানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ছয়টার দিকে ইউরিয়া সার উৎপাদনের কাজ শুরু হয়। এর আগে গ্যাস সরবরাহ পাওয়ার পর প্রথমে অ্যামোনিয়া প্ল্যান্ট এবং পরবর্তীতে ধাপে ধাপে ইউরিয়া প্ল্যান্ট চালুর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। উদ্বোধনের প্রাথমিক পর্যায়ে কিছু যান্ত্রিক জটিলতা দেখা দিলেও দ্রুত তা সমাধান করেন প্রকৌশলীরা।

সিইউএফএলের উৎপাদন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) উত্তম চৌধুরী জানান, আগস্ট মাসের শেষ দিকে গ্যাস মিললেও কারিগরি ত্রুটির কারণে তাৎক্ষণিকভাবে উৎপাদনে ফেরা সম্ভব হয়নি। যন্ত্রপাতি সচল করার পর মঙ্গলবার সকালে উৎপাদন শুরু হয়েছে। তিনি বলেন, "দ্রুত কারখানাটি পুরোপুরি ত্রুটিমুক্ত ও স্বাভাবিক অবস্থায় ফিরবে।"

অপরদিকে, কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান জানান, টানা ছয় মাস বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে, নিরবচ্ছিন্ন উৎপাদনের মাধ্যমে দ্রুত তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।