নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা কৃষক দলের খসড়া কমিটি ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে জেলা কৃষক দল। দাবি করা হয়েছে, জেলা শাখার কোনো অনুমোদন ছাড়াই ওই খসড়া কমিটি প্রকাশ করা হয়েছে, যা দলের নিয়মকানুন বিরোধী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও বাজারে কৃষক দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ উঠে। সংবাদ সম্মেলনে জেলা কৃষক দলের সভাপতি ডা. শাহিন মিয়া বলেন, "কয়েকদিন আগে কৃষক দলের কিছু নেতাকর্মী রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের বাসায় যান। সেখানে তাকে দিয়ে কৃষক দলের খসড়া কমিটি পড়ে শোনানোর কথা বলা হয়। পরে তিনি ওই খসড়া কমিটি পড়ে শোনান।"
তিনি আরও জানান, ওই খসড়া কমিটিতে জেলা কৃষক দলের কোনো অনুমোদন নেই। রূপগঞ্জ উপজেলা কৃষক দলের কমিটিতে কোনো পরিবর্তন আনতে হলে অবশ্যই উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন এবং সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সাথে আলোচনা করে তা ঘোষণা করতে হবে।
ডা. শাহিন মিয়া স্পষ্ট করেন, পূর্বের যে রূপগঞ্জ উপজেলা কৃষক দলের কমিটি ছিল, সেটি এখনো বহাল রয়েছে।