সুনামগঞ্জের দিরাই উপজেলায় পথ হারিয়ে একটি ষাঁড় স্থানীয় এক কম্পিউটার দোকানের টিনের ছাদে উঠে পড়ে। ওঠার পর আর নামার পথ না পেয়ে ষাঁড়টি ছাদে আটকা পড়লে স্থানীয়দের সহায়তায় তা নিরাপদে নিচে নামানো হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দিরাই উপজেলা পরিষদের সামনে মো. সরোয়ারের কম্পিউটার দোকানে এই ঘটনা ঘটে। ষাঁড়টির মালিক দিরাই পৌরসভার বাগবাড়ি এলাকার আবুল বশর জানান, তার ষাঁড়টি সাধারণত বাড়ির আশপাশে মুক্ত অবস্থায় ঘুরে বেড়ায় এবং ঘাস খায়। তবে মঙ্গলবার বিকেলে পথ হারিয়ে ষাঁড়টি উপজেলা পরিষদের প্রধান ফটকের বিপরীতে অবস্থিত একটি বাড়িতে ঢুকে যায়।

একপর্যায়ে ষাঁড়টি ওই বাড়ির সিঁড়ি দিয়ে উঠে পাশের টিনসেড কম্পিউটার দোকানের ছাদে চলে যায়। পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে নিচে নামাতে সাহায্য করেন। ছাদে দাঁড়িয়ে থাকা ষাঁড়টির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিষয়ে ষাঁড়ের মালিক আবুল বশর বলেন, "ষাঁড়টি সাধারণত বাড়ির আশপাশেই ঘুরে বেড়ায়। কীভাবে এটি দোকানের টিনের চালে উঠল তা বুঝতে পারছি না। ধারণা করা হচ্ছে, পথ হারিয়ে পাশের বাড়ির সিঁড়ি দিয়ে উঠে এটি চালে আটকে পড়েছিল। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ষাঁড়টিকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনি।"

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, "এ বিষয়ে আমার কাছে কোনো খবর আসেনি। একটি ষাঁড় কীভাবে টিনের চালে উঠল, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।"