বান্দরবানের রুমা উপজেলায় পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল তিন দিন পর আজ মঙ্গলবার বিকেলে নিজ এলাকায় ফিরে এসেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে তিনি জানান, স্ত্রীর সঙ্গে অভিমানের কারণে চট্টগ্রামে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। গত শনিবার ঋণের কিস্তি আদায়ের কথা বলে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার পর থেকে তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মৃত্যুঞ্জয় কুমার মণ্ডলের নিখোঁজ হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা চালিয়ে তাঁর মুঠোফোন নম্বর ধরে অনুসন্ধান করেছিল। গতকাল সোমবার হঠাৎ তাঁর মুঠোফোন সচল পাওয়া যায়। ফোনে তাঁর অবস্থান জানতে চাওয়া হলে প্রথমে তিনি জানান রংপুরে আছেন। তবে মুঠোফোন টাওয়ার অনুসন্ধানে পাওয়া গেছে, তিনি চট্টগ্রামে রয়েছেন। এরপর তাঁকে রুমায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, "জিজ্ঞাসাবাদে মৃত্যুঞ্জয় জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে বচসা হওয়ায় তিনি মোটরসাইকেলটি কুক্ষ্যংঝিরি রেখে চট্টগ্রামে গিয়ে আত্মগোপন করেছিলেন।" তবে ওসি আরও যোগ করেন, "তবে তাঁর কথাবার্তায় গরমিল পাওয়া যাচ্ছে। প্রকৃত বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।"
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জিনিয়া চাকমা জানান, বহু নাটকীয়তার পর মৃত্যুঞ্জয় মণ্ডল চট্টগ্রাম থেকে নিজে ফিরে এসেছেন। এখন পর্যন্ত পারিবারিক বিরোধের কথা জানা গেলেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিখোঁজ হওয়ার পর থেকে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ তাঁর সন্ধানে তৎপরতা চালিয়েছিল।