বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) এক কর্মী নিখোঁজ হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পাইন্দু ইউনিয়নের এলাচু পাড়ায় ফিল্ডে যাওয়ার পর থেকে মৃত্যুঞ্জয় কুমার মন্ডল নামে ওই কর্মীর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পরদিন রোববার সকালে রাস্তার পাশ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে, যা পরিবার ও সহকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

রুমা কার্যালয়ে কর্মরত মৃত্যুঞ্জয় কুমার মন্ডল শনিবার সকালে নিয়মিত দায়িত্ব পালনের জন্য অফিস থেকে বের হন। তবে ফিল্ড পর্যায়ে কাজ শেষ করে তিনি আর বাসায় ফিরেননি বলে জানা গেছে।

নিখোঁজের বিষয়ে তার স্ত্রী সাগরিকা মন্ডল বলেন, "তার স্বামী সাধারণত কখনো রাত করে বাইরে থাকেন না। প্রতিদিন ডিউটি শেষ করে যথাসময়ে বাসায় ফিরে আসেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সর্বশেষ তার সঙ্গে কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।" তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, "তার স্বামীকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।"

বিষয়টি নিশ্চিত করে বিআরডিবি-র বান্দরবানের উপপরিচালক অহিদুজ্জামান ভূঞা জানান, মৃত্যুঞ্জয় কুমার মন্ডল সকাল সাড়ে ৯টার দিকে অফিস থেকে বের হয়ে ফিল্ডে যাওয়ার জন্য রওনা দেন। বিষয়টি তাকে আজ সকাল ১১টার দিকে জানানো হয়। এরপর তিনি দ্রুত রুমা অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং থানায় অভিযোগ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

অপরদিকে, রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, বিআরডিবি রুমা অফিসের কর্মকর্তা প্রকাশ চাকমা আজ দুপুর ১২টার দিকে থানায় এসে একটি নিখোঁজ জিডি করেছেন। নিখোঁজ কর্মীকে উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।