বান্দরবানের রুমা উপজেলায় পল্লী উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। তাঁর নাম মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল। গতকাল শনিবার সকালে তিনি একটি পাড়ায় যাওয়ার কথা বলে অফিস থেকে বের হলেও সন্ধ্যা পর্যন্ত ফিরে আসেননি। উপজেলা পিডিবি কর্মকর্তা প্রকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

অফিস বন্ধ থাকলেও গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মৃত্যুঞ্জয় অফিসের মোটরসাইকেলের চাবি নিয়ে পাইন্দু ইউনিয়নের দুর্গম আলেচুপাড়ায় যাত্রা করেন। অফিসের হিসাবরক্ষক মো. রবিউল হোসেন জানান, সন্ধ্যায় মৃত্যুঞ্জয়ের স্ত্রী খোঁজখবর নিতে এসে তিনি ফিরে না আসার বিষয়টি জানতে পারেন। মৃত্যুঞ্জয় প্রায়ই সমিতি গঠন ও কিস্তি আদায়ের জন্য দুর্গম এলাকায় যেতেন এবং এর আগে কোনো সমস্যা হয়নি। ছুটির দিন হওয়ায় কেউ তাঁর খোঁজ নেননি।

নিখোঁজ মৃত্যুঞ্জয় কুমার মণ্ডলের বাড়ি খুলনার কয়রা উপজেলার ঝিনুকাঠি আমাদি গ্রামে। তাঁর বাবার নাম বিপন্ন মণ্ডল। বদলি হয়ে রুমাতে আসার পর থেকে তিনি স্ত্রী ও এক সন্তান নিয়ে সেখানে বসবাস করছিলেন।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, নিখোঁজের ঘটনায় একটি ডায়েরি করা হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, তাঁর মোবাইল ফোন অনুসন্ধানে গতকাল দুপুর পর্যন্ত কুক্ষ্যংঝিরি এলাকায় এবং বিকেলে মুরুংবাজারে তাঁকে দেখা গেছে। কুক্ষ্যংঝিরি বাজার থেকে তাঁর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ অভিযান চালিয়েছে।