চুয়াডাঙ্গায় পুলিশের এক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. নাইম পারভেজ সজলকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় পৌর এলাকার আরামপাড়া রেলস্টেশনের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃত নাইম পারভেজ সজল আরামপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ জানিয়েছে, তিনি চুয়াডাঙ্গা সদর থানার ২০২৪ সালের ৩ অক্টোবরের একটি ফৌজদারি মামলার (জিআর নম্বর-২০৩) তদন্তপ্রাপ্ত আসামি।
থানা সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) অনুজ কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।