চট্টগ্রামের বাঁশখালী থেকে সাজিদুল ইসলাম ওরফে বাবু নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার বৈলছড়ী ইউনিয়নে তার নানার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাজিদুল ইসলামের স্থায়ী ঠিকানা বৈলছড়ী এলাকায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়িয়ে তিনি নিজের বাড়িতে না থেকে নানার বাড়িতে আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর বাঁশখালী থানা-পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন শুক্রবার সকালে বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেছিলেন। এই মিছিলের ঘটনাটি নিয়ে দিনভর পুরো উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছিল। মিছিলের মাত্র কয়েক ঘণ্টা পরেই রাতে ছাত্রলীগ নেতা বাবুকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো তৎপরতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”