রাজধানীর মিরপুর এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের অভিযোগে তানভীর জোমাদ্দার নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুর এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে গিয়েছিলেন। সেই সময়ে তানভীর জোমাদ্দার নামের ওই ছাত্রলীগ নেতা প্রধানমন্ত্রীর গতিবিধি অনুসরণ করেন বলে অভিযোগ পাওয়া যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় ওই ছাত্রলীগ নেতা পুলিশ সদস্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশ কাটিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাচ্ছেন। একপর্যায়ে তিনি অন্যদের পেছনে ফেলে প্রধানমন্ত্রীর খুব কাছাকাছি পৌঁছে যান।

এই বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাছের মুক্তকণ্ঠকে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান গত শনিবার মিরপুরে ফুটপাত পরিদর্শনে আসেন। এ সময় এক ছাত্রলীগ নেতা তাকে অনুসরণ করেন। ঘটনার ভিডিও যাচাই-বাছাই করে তানভীর জোমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, “এ ঘটনার বিষয়ে পুলিশ আরও যাচাই-বাছাই করছে। তদন্ত শেষে তানভীর জোমাদ্দারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”