রাজধানীর মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) এবং মো. রাব্বি (২০) রয়েছে। ওসি জাহাঙ্গীর আলম মুক্তকণ্ঠকে বলেন, "হামলায় জড়িত থাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অভিযান এখনো চলছে।"

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত চারজনের তিনজন শাহ আলী মাজারের ভাসমান ব্যক্তি। টাকা বিনিময়ে তারা এই ভাঙচুরে অংশ নিয়েছিল বলে অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে তারা মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য সামগ্রী লুট করে নেয়। এরপর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা এবং তিনটি আধা-পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

ঘটনার পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শাহ আলী থানায় মামলা করা হয়েছে। তবে সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার জানান, এখনো মামলার এজাহারের কপি তাঁদের হাতে পৌঁছায়নি।

১৯৭৪ সালে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাতৃ ও শিশুসেবা প্রদানের লক্ষ্যে কার্যক্রম শুরু করে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। বর্তমানে প্রতিষ্ঠানটি শিশুদের টিকাদান, শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল।