নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাঠমিস্ত্রি কামাল হোসেন (৪৬) গত ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার পরিবার আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। তবে নিখোঁজের পরদিনই ঢাকার শাহবাগ থানা এলাকায় তার ব্যবহৃত মুঠোফোনটি উদ্ধার হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের কাশীপুর গ্রামে নিজ বাড়ির পাশ থেকে কামাল হোসেন নিখোঁজ হন। তিনি ওই গ্রামের মো. রুহুল আমিনের ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি। নিখোঁজের পরপরই তার পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু ১৬ দিন অতিবাহিত হওয়ার পরেও তার কোনো চিহ্ন বা সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের দাবি অনুযায়ী, কামাল নিখোঁজ হওয়ার পরদিন ১ সেপ্টেম্বর ঢাকার শাহবাগ থানা এলাকায় তার ব্যবহৃত মুঠোফোনটি পাওয়া গেছে। এই ঘটনাটি পরিবারের সদস্যদের মধ্যে আরও গভীর উদ্বেগ ও ভয়ের সৃষ্টি করেছে।
এ ব্যাপারে কামালের ভাই শাকিব সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবারের পক্ষ থেকে জনসমক্ষে অনুরোধ করা হয়েছে, কেউ যদি কামাল হোসেনের সন্ধান পান তবে তাৎক্ষণিকভাবে তার ভাই শাকিবের সাথে ০১৬৪০৭২৯১২১ নম্বরে যোগাযোগ করতে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, "এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"