দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সংবাদপত্রটি। সোমবার (১৪ সেপ্টেম্বর) এই অর্থ পুলক চ্যাটার্জির স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সমকালের বর্তমান বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী।

গত শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরের প্যারারা রোডে সমকালের কার্যালয় থেকে ৫৭ বছর বয়সি পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৩ সালের মে মাসে তাকে প্রতিষ্ঠানটি থেকে অব্যাহতি দেওয়া হলেও এরপর থেকে তিনি বেকার ছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন।

পুলক চ্যাটার্জির মৃত্যুর পর পুলিশ তার লেখা কয়েকটি চিরকুট উদ্ধার করে। উদ্ধারকৃত একটি চিরকুটে সমকাল কার্যালয়ে গচ্ছিত থাকা তার পাওনা টাকা পরিবারের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। সেই চিরকুটে দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীর উদ্দেশে ওই অর্থ পরিবারের কাছে হস্তান্তরের কথা বলা হয়েছিল। মৃত্যুর তিন দিন পর সেই পাওনা ১০ লাখ টাকা তার পরিবারের ব্যাংক হিসাবে জমা দিল সমকাল কর্তৃপক্ষ।

সাংবাদিক পুলক চ্যাটার্জি বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বরিশালের গণমাধ্যম অঙ্গনে সক্রিয় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জি ও একমাত্র মেয়ে প্রকৃতিকে রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, পুলক চ্যাটার্জির লেখা চিরকুটগুলোর মধ্যে স্ত্রী ও মেয়ের উদ্দেশে লেখা একটি চিরকুটও ছিল। সেখানে তাদের কাছে ক্ষমা চাওয়ার কথা উল্লেখ ছিল। ছোট ভাই দীপক চ্যাটার্জির প্রতিও স্ত্রী ও মেয়েকে দেখভালের অনুরোধ করেছিলেন তিনি।

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে উদ্ধার হওয়া চিরকুটের সত্যতা যাচাই ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।