বরিশাল নগরীর প্যারারা রোড এলাকায় দৈনিক সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধান সাংবাদিক পুলক চ্যাটার্জীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সময় তার পাশ থেকে পাঁচটি আত্মহত্যার চিরকুট (সুইসাইড নোট)ও জব্দ করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে অফিসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া চিরকুটগুলোতে পুলক চ্যাটার্জী তার স্ত্রী প্রিয়াংকা, মেয়ে প্রকৃতি, ছোট ভাই দীপক চ্যাটার্জী, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরী এবং প্রশাসনের উদ্দেশ্যে পৃথক বার্তা লিখে গেছেন।

প্রশাসনের উদ্দেশ্যে লেখা চিরকুটে পুলক উল্লেখ করেছেন, "আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি শরীরের রোগ যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না। সুস্থ থাকার জন্য অনেক চেষ্টা করেছি। ইন্ডিয়ার ভেলোরে পর্যন্ত ডাক্তার দেখিয়েছি। কিন্তু সুস্থ হতে পারিনি। অসুস্থতা আমাকে মানসিকভাবে পিছিয়ে দিচ্ছে। শরীরের যন্ত্রণাকালে কোথাও যেতে পারতাম না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। প্রশাসনের কাছে অনুরোধ, কোনো প্রকার হয়রানি না করে আমার লাশ আমার পরিবারের কাছে হস্তান্তর করা হোক।"

তার স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশ্যে লেখা চিরকুটে তিনি বলেছেন, "আমাকে ক্ষমা করে দিও। পৃথিবীতে কারো জন্য কিছু থেমে থাকে না। প্রকৃতি, তুমি পড়াশোনা ও গান শেখা চালিয়ে যেও। প্রিয়াংকা, আমার অনুপস্থিতি তোমার জীবনে পূরণ হবার নয়। তারপরও কারো জন্য কিছু থেমে থাকে না। তোমার দীপক (চান) ভাইয়ের সাথে থেকো। দীপক তোমাকে আগলে রাখবে।"

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনকে লেখা চিরকুটে পুলক লিখেছেন, "বিদায়। তোমার সাথে আমার অনেক স্মৃতি। আমার মরদেহ হয়রানি ছাড়া পরিবারের কাছে দেওয়ার চেষ্টা করিও। যেহেতু স্বেচ্ছায় আত্মহনন করলাম, তাই ময়নাতদন্ত করার প্রয়োজন নাই। পারলে তোমার বৌদি ও প্রকৃতির মাঝে মাঝে খোঁজ নিও।"

ভাই দীপক ও দীপকের স্ত্রী ইতির উদ্দেশ্যে লেখা চিরকুটে তিনি বলেন, "বিদায়। প্রিয়াংকা ও প্রকৃতিকে আগলে রাখিস। তোর ওপর অনেক বড় বোঝা চাপিয়ে দিলাম। আমাকে ক্ষমা করে দিস। মুক্তিযুদ্ধের ভাতা ও আমার ব্যাংক হিসাবের বিষয়ে দেবাশীষের সাথে আলাপ করে পদক্ষেপ নিস। প্রিয়াংকা ও প্রকৃতিকে তোর কাছে রাখিস।"

এছাড়া, দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীর উদ্দেশ্যে লেখা চিরকুটে পুলক জানান, "সুমন, বিদায়। তোমাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য দুঃখিত। একসাথে প্রায় দেড় যুগ কাজ করেছি, কখনো কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। যদি পারো সমকালে আমার পাওনা টাকা আদায় করে তোমার বৌদির হাতে দিও।"

শুক্রবার রাত ৯টার দিকে লাশটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বিষয়টি নিশ্চিত করে বলেন, "সুইসাইড নোট পাওয়া গিয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।"

পুলক চ্যাটার্জী দৈনিক সমকাল বরিশাল ব্যুরো প্রধান ছিলেন। ২০২৩ সালের মে মাসে তিনি সংস্থাটি ছাড়েন। এরপর থেকেই তিনি হতাশায় ভুগছিলেন এবং মাঝে মধ্যে সমকাল অফিসে এসে বসতেন। তিনি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ছিলেন।