ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই বিষয়ে কিছু ইঙ্গিত দিয়েছেন।
আজ সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী (সা.) কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন পরওয়ার।
কনফারেন্স শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, "জামায়াত স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছে। এরই মধ্যে ইউনিয়ন, উপজেলা, জেলা, সিটি করপোরেশনে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া চূড়ান্ত করার পর্যায়ে চলে এসেছে। অনেক জায়গায় অভ্যন্তরীণভাবে প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে।"
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবে জানিয়ে তিনি আরও বলেন, "সাংগঠনিকভাবে জামায়াতের প্রার্থী মনোনীত করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সময়মতো প্রার্থী ঘোষণা করা হবে। এরই মধ্যে গণমাধ্যমে এসেছে জামায়াতের পক্ষ থেকে ঢাকা উত্তরে সেলিম উদ্দিন এবং দক্ষিণে সাদিক কায়েমকে মনোনয়ন দেওয়া হচ্ছে।"
এদিকে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ এখনো নির্বাচন কমিশন ঘোষণা করেনি। তবে নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী নির্ধারণের কাজ শুরু করে দিয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা দক্ষিণে মেয়র পদে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে মনোনীত করার কথা জানিয়েছে।