জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে তাদের মেয়র প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভার পর এই তথ্য জানানো হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য নাসীরউদ্দীন পাটওয়ারী এবং উত্তর সিটি করপোরেশনের জন্য আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম মেয়র পদে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক প্রস্তুতি, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের চূড়ান্তকরণ এবং মহানগরের বিভিন্ন নাগরিক সমস্যার ওপর আলোচনা করা হয়। সভায় নাহিদ ইসলাম দলীয় নেতাদের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও সভায় ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিত করে তা নিয়ে আন্দোলন গড়ে তোলা, জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা এবং তাঁদের পাশে থাকার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পতিত ও পলাতক আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নাশকতামূলক তৎপরতার ওপর ওয়ার্ডভিত্তিক নজরদারি এবং প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দেওয়া হয়।
সভায় এসসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।