মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত ডিএসসিএসসি-২০২৬ কোর্স চলাকালে ‘ডোপ টেস্ট’-এ মাদকের উপস্থিতি শনাক্ত হওয়ায় পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১০ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, গত ৮ জানুয়ারি মিরপুর সেনানিবাসে ‘ডিএসসিএসসি-২০২৬’ কোর্সে অংশ নিতে পুলিশ অধিদপ্তর থেকে যান নিজাম উদ্দিন। তিনি রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন। কোর্স চলাকালে গত ৭ জুন তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে নিজাম উদ্দিনের ‘ডোপ টেস্ট’ করা হয়। পরীক্ষায় ‘পজিটিভ’ আসে, যা এই কোর্সের শৃঙ্খলা পরিপন্থী।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী, নিজাম উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সাময়িক বরখাস্তকালে নিজাম উদ্দিন বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।