চাঁদপুরের নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মামুন উর রশিদের অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। মাদক শনাক্তকরণে ডোপ টেস্টের উদ্যোগ নেওয়া হলে তিনি পালিয়ে যান বলে সূত্র জানিয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ও বুধবার (১৬ সেপ্টেম্বর) তার নিজ বাসায় পুলিশ সদস্যরা গিয়েও তাকে পাওয়া যায়নি। এছাড়া, মঙ্গলবার থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বন্ধ রয়েছে। বুধবার এই বিষয়টি নিশ্চিত করেছেন নতুন বাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বাজার পুলিশ ফাঁড়িতে মোট ১৮ সদস্য কর্মরত আছেন। এর মধ্যে এসআই মামুন উর রশিদের আচরণ নিয়ে কর্তৃপক্ষের সন্দেহ তৈরি হয়। তিনি মাদক সেবন করেন কি না, তা যাচাই করার জন্য তাকে ডোপ টেস্টের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
ডোপ টেস্টের খবর পেয়ে তিনি কর্মস্থলে উপস্থিত না হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে তাকে খুঁজে বের করে ফাঁড়িতে নিয়ে আসার জন্য পুলিশ সদস্যরা তার বাসায় যান। তবে দুই দিন ধরে অনুসন্ধান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, ফাঁড়িতে কর্মরত সদস্যদের মধ্যে যাদের আচরণ সন্দেহজনক মনে হবে, তাদের পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন বাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, "মঙ্গলবার ও বুধবার দুই দিন পুলিশ সদস্যদের এসআই মামুন উর রশিদের বাসায় পাঠানো হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি। তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।"