স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে ডোপ টেস্টে পজিটিভ শনাক্ত হওয়ায় পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আদেশটি গত ৩১ আগস্ট থেকে কার্যকর ধরা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আ ফ ম নিজাম উদ্দিন বর্তমানে পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত আছেন। ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশগ্রহণের জন্য গত ৮ জানুয়ারি তিনি পুলিশ অধিদপ্তর থেকে মিরপুর সেনানিবাসে যান।

কোর্স চলাকালীন গত ৭ জুন তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট নেওয়া হয়। পরীক্ষার ফলাফলে তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন ‘পজিটিভ’ পাওয়া যায়।

ডিএসসিএসসি কোর্স চলাকালে এমন ফলাফল কোর্সের শৃঙ্খলার পরিপন্থী বলে উল্লেখ করে প্রজ্ঞাপনে ঘটনাটিকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালে আ ফ ম নিজাম উদ্দিন বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষর রয়েছে।