দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উদ্বোধনের সময় তিনি এই তথ্য জানান।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, "খেলাধুলাকে কেন্দ্র করে দেশে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে এবং সেই ধারা ধরে রাখতে সরকার ক্রীড়া অবকাঠামো উন্নয়নে কাজ করছে। আজ জামালপুরে যে দর্শক উপস্থিতি দেখেছি, তার ভিডিও আমি ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি। তিনি দেখে নিশ্চয়ই খুশি হবেন।"

ফুটবলের জনপ্রিয়তা ও জামালপুরের ক্রীড়াবান্ধব পরিবেশ নিয়ে কথা রেখে তিনি বলেন, "ফুটবলের জনপ্রিয়তা এখনও কতটা শক্তিশালী এবং জামালপুর যে একটি ক্রীড়াবান্ধব জেলা হিসেবে পরিচিত হয়েছে, সেটি আজকের আয়োজন প্রমাণ করেছে। আমরা আশা করি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব। জামালপুর স্টেডিয়ামের যে গ্যালারিটি এখনো অসম্পূর্ণ রয়েছে, ইনশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যে সেটিকে পূর্ণাঙ্গ গ্যালারি হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।"

পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় স্পোর্টস ভিলেজ স্থাপনের কথা তুলে ধরে আমিনুল হক বলেন, "আমাদের উপজেলা পর্যায়ে যে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প রয়েছে, সেটি চলমান। জামালপুরেও স্পোর্টস ভিলেজ হবে ইনশাআল্লাহ।" তিনি আরও জানান, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে ফুটবল মাঠ বা খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা আগামী দিনের খেলাধুলাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।

এদিকে, বিকেলে অনুষ্ঠিত ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে পারেনি। পরবর্তীতে টাইব্রেকারে মেলান্দহ উপজেলাকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সরিষাবাড়ী উপজেলা ফুটবল দল।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, জেলার পাঁচটি আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, জেলা ক্রীড়া সংস্থার নেতারা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।