বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত স্পষ্ট করে দিয়েছেন, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন—এটি কেবলই গুজব। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলকক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উন্নয়নমূলক কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই সভার আয়োজন করা হয়েছিল।

সভায় মন্ত্রী বলেন, "পৃথিবীতে এটাই প্রথম নজির–একটা সরকারের মন্ত্রী পরিষদসহ সবাই একসঙ্গে পালিয়েছে। তারা আবার ফিরে আসবে, এটা কোনো দিনও সম্ভব নয়।" তিনি আরও যোগ করেন, "আপনারা নিশ্চয় এখন ভেবে দেখেছেন আওয়ামী লীগ সরকার যদি আরও তিন বছর থাকত, তাহলে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্রই থাকত না। বাংলাদেশে হতো সিকিমের মতো অবস্থা।"

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, "চাঁদাবাজি, মাদক, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আপস না করার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটা দেশকে ভালো করতে চাইলে একজন ভালো নেতৃত্বের প্রয়োজন হয়। আমরা সেই নেতৃত্বটা পেয়েছি। এখন সবার সহযোগিতায় আমরা একটি সুন্দর দেশ গঠন করতে চাই।"

এ সময় সভায় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, জেলা পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলামসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।