গণহত্যার দায়ে ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ার পাশাপাশি ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের মাধ্যমে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এই দাবির কথা জানিয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো এক বিবৃতিতে এই দাবি উত্থাপন করা হয়।
বিবৃতিতে তারা বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, বরং জুলাই গণ-অভ্যুত্থানের মুখে গণহত্যা চালানো দলটির নেতাকর্মীরা ভারতে পালিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছে। দিল্লির মদদে চব্বিশের পরাজিত শক্তি আওয়ামী ফ্যাসিবাদ আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন আমরা দুঃস্বপ্নে পরিণত করব ইনশাআল্লাহ।”
হেফাজতে ইসলাম তাদের বিবৃতিতে উল্লেখ করেছে যে, পিলখানা, শাপলা, জুলাই এবং মোদিবিরোধী আন্দোলনের শহীদ ও আহতরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।
তারা আরও বলেন, “তাদের ন্যায়বিচারের কথা না ভেবে যারা বিভিন্ন টকশো ও প্লাটফর্মে এখনো পতিত আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের এজেন্ডা অনুসারে কথা বলে, তাদের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে বলে আমরা মনে করি। অতীতেও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল এবং ৯৬-তে প্রতারণামূলক ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেও তারা শোধরায়নি।”
সংগঠনটির দাবি, আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিগত শাসনকালে তাদের নৃশংস ফ্যাসিবাদের শিকার শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।
তাদের মতে, রাষ্ট্রক্ষমতা দখলে নিয়ে পনেরো বছর ধরে গুম-খুন, পিলখানা, শাপলা ও জুলাইসহ একের পর এক গণহত্যা চালানোর পর বাংলাদেশে দলটির আর কোনো রাজনৈতিক লেজিটিমেসি থাকতে পারে না। আওয়ামী সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূল না করলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অরক্ষিত থেকে যাবে বলে তারা মনে করেন।
বিবৃতিতে আরও বলা হয়, প্রভু রাষ্ট্রের বহু চেষ্টা-তদবিরেও এখনো তৃতীয় কোনো রাষ্ট্র মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত অপরাধী হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়নি। কোনো সভ্য রাষ্ট্র এমন ঘৃণ্য অপরাধীকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখে পড়তে চায় না বলেই তাদের ধারণা। তারা উল্লেখ করেন, দ্য গার্ডিয়ান সম্প্রতি গণহত্যাকারী শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ হিসেবে তুলে ধরেছে এবং দ্য ইকোনোমিস্ট হাসিনার শাসনকালকে ‘নিকৃষ্ট শাসন’ বলে অভিহিত করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও হাসিনার চরিত্র আজ উন্মোচিত হয়ে গেছে। ইতিহাস এভাবেই দাম্ভিক ও মাফিয়া শাসকের পরিণতি লিখে দেয় বলে দাবি করেছে হেফাজতে ইসলাম।