ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নতুন যুক্ত হওয়া চারটি ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়নে ১৩০ কোটি টাকার একটি প্রকল্প সরকারের বিবেচনাধীন রেখেছে। প্রকল্পটি অনুমোদিত হলে তা বাস্তবায়ন শুরু হবে।

রোববার রাজধানীর কদমতলী থানার ৬০ নম্বর ওয়ার্ডের জাপানি বাজার জিয়া সরণি খালের পাড় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও মতবিনিময় সভায় ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেন। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রশাসক মো. আবদুস সালাম বলেন, "ডিএসসিসির সঙ্গে নতুন করে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের মধ্যে ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা সমাধানে প্রকল্পটি নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। অনুমোদন পেলে কাজ শুরু হবে।"

ড্রেন দখল রোধেও নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, ড্রেনের দুই পাশে নির্দিষ্ট জায়গা রেখে পাড় তৈরি করে মানুষের চলাচলের ব্যবস্থা করা হবে, যাতে ড্রেন দখলের সুযোগ না থাকে।

এছাড়া এলাকার সমস্যা সমাধানে সরকার, প্রশাসন এবং নাগরিকদের সম্মিলিত দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। মো. আবদুস সালাম বলেন, "ড্রেন ও খাল পরিষ্কার করার পর সেখানে আবার ময়লা ফেলা হলে কোনো সুফল পাওয়া যাবে না। খাল ও ড্রেন দখলমুক্ত ও দূষণমুক্ত রাখতে নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। অবৈধ দখল ছেড়ে দেওয়া এবং খাল-ড্রেনের জায়গায় নতুন করে দোকানপাট না বসানোর আহ্বান জানান তিনি।"

মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন প্রশাসক। ডেঙ্গু প্রতিরোধে পানি জমা রোধ এবং নিয়মিত পরিচ্ছন্নতায় অংশগ্রহণেরও কথা বলেন তিনি। বৃক্ষরোপণ নিয়ে তিনি বলেন, সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য শিরীন সুলতানা। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। এ সময় ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতা ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।