বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং অবিভক্ত ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে সালাহউদ্দিন আহমেদের পুত্র এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসের মাধ্যমে এই শোকসংবাদ নিশ্চিত করেন।

তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। আমার আব্বু আর নেই। সে তার রবের কাছে চলে গিয়েছেন। রাত ৮টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আমার আব্বুর নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার বাদ জোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে।”

পিতার বিদেহী আত্মার শান্তি কামনায় তিনি আরও লিখেছেন, “সবার কাছে আমার আব্বুর জন্য দোয়ার দরখাস্ত করছি। মহান আল্লাহপাক রাব্বুল আলামিন আমার আব্বুকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।”