১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়ায় শুরু হচ্ছে এশিয়ান গেমসের ২০তম আসর। তবে ফুটবল টুর্নামেন্ট এর আগেই শুরু হতে যাচ্ছে। আগামীকাল প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। এই কঠিন পরিস্থিতিতে দলটির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে চোটগ্রস্ত সেন্টারব্যাক নবীরণ খাতুনের অনুপস্থিতি। এশিয়ান গেমস শুরুর ঠিক আগেই চোটের কারণে তিনি দল থেকে ছিটকে গেছেন।

দল সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর চায়নিজ উইমেন্স সুপার লিগের দল গুয়াংডং এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাঁটুতে গুরুতর আঘাত পান নবীরণ। এই চোটের কারণে আর এশিয়ান গেমসে তাঁকে পাওয়া যাচ্ছে না।

২০২২ থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলে খেলেছেন নবীরণ। এরপর জাতীয় দলে জায়গা করে নেন তিনি। গত বছরের মার্চে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় এই সেন্টারব্যাকের। ধীরে ধীরে বাংলাদেশের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্যও হয়ে ওঠেন নবীরণ।

তাঁর চোটে রক্ষণভাগ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কোচ পিটার বাটলারকে। দলে থাকা অন্য চার সেন্টারব্যাক হলেন শিউলি আজিম, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও অর্পিতা বিশ্বাস। তাঁদের মধ্যে কোহাতি ও আফঈদাকে আগামীকাল উত্তর কোরিয়ার বিপক্ষে প্রথম একাদশে দেখা যেতে পারে।

দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২২ সালের আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। এবারও কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপে প্রতিপক্ষ উত্তর কোরিয়া ছাড়াও আছে দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার।

আগামীকাল উত্তর কোরিয়া ম্যাচের পর ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২১ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বেলা একটায়।