নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মসজিদের কোরআন রাখার তাক থেকে ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগজিন এবং ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। থানার কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলো ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়ার কথা।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আড়াইহাজার পৌরসভার আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন রাখার তাকের ওপর পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র ও গুলি দেখতে পান মসজিদের মুয়াজ্জিন নাসির উদ্দিন। তিনি বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বলেন, "উদ্ধার হওয়া ৯ এমএম পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।"

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন মুক্তকণ্ঠকে বলেন, "প্রাথমিকভাবে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি পাওয়া গেছে।। কখন ও কীভাবে অস্ত্রগুলো সেখানে রাখা হয়েছিল, তা এখনও জানা যায়নি। পুলিশ সুপার সরেজমিনে ঘটনাস্থলে আসছেন। তিনি আসার পর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি যাচাই করে বিস্তারিত জানানো হবে।"

নারায়ণগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী মুক্তকণ্ঠকে বলেন, "৫ আগস্টের সময় থানা থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও ম্যাগজিন লুট হয়ে গিয়েছিল। এর মধ্যে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও বেশ কিছু গুলি মসজিদের ভেতরে পাওয়া গেছে। যারা এগুলো নিয়েছিল, পুলিশের অভিযানের ভয়ে হয়তো তারা মসজিদের তাকের ওপরে রেখে গেছে।"

তিনি আরও জানান, মসজিদের ইমাম বিষয়টি থানাকে জানিয়েছেন। পরে আড়াইহাজার থানার পুলিশ সদস্যরা গিয়ে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় জিডি গ্রহণ করা হবে। জিডির ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু এখন এ ঘটনায় মামলা হয়নি, তাই প্রাথমিকভাবে জিডি করার প্রক্রিয়া চলছে।