নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মসজিদের তাক থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে পুলিশ। থানা থেকে লুট হওয়া এই অস্ত্রগুলো মসজিদে রাখা ছিল বলে দাবি করেছেন পুলিশ কর্মকর্তারা। ২০২৪ সালের জুলাইয়ে দেশব্যাপী আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলি লুট হয়েছিল।
আড়াইহাজার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন নাসির উদ্দিনের মাধ্যমে বিষয়টি জানতে পারেন পুলিশ। আজ শনিবার দুপুরে মসজিদ ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের তাকের ওপর অস্ত্র ও গুলি দেখতে পান তিনি। এতদূর প্রায় ২০ বছর ধরে ওই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন নাসির উদ্দিন। তিনি তাৎক্ষণিকভাবে থানায় খবর দিলে বেলা একটার দিকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকার্য চালান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন মুক্তকণ্ঠকে বলেন, "কখন ও কীভাবে অস্ত্রগুলো মসজিদের তাকের ওপর রাখা হয়েছিল, তা এখনো জানা যায়নি।"
এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী মুক্তকণ্ঠকে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও ম্যাগাজিন লুট হয়েছিল। এর মধ্যে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০টি গুলি মসজিদের ভেতর থেকে পাওয়া গেছে।
তারেক আল মেহেদীর ধারণা, যাঁরা অস্ত্রগুলো লুট করেছিলেন, পুলিশের অভিযানের ভয়ে তাঁরা সেগুলো মসজিদের তাকের ওপর রেখে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।