চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাসিমপুর বিজয়া রামবিহারে ভোররাতে ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে মুখোশধারী ৩-৪ জন দুর্বৃত্ত বিহারের ভিক্ষু জ্ঞান রক্ষিতকে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

ভিক্ষু জ্ঞান রক্ষিত জানান, প্রতিদিনের মতো ধর্মীয় কাজের জন্য ভোর ৪টায় তিনি কক্ষের দরজা খোলেন। এ সময় দা ও কুড়ালসহ দেশীয় অস্ত্রে সজ্জিত মুখোশধারী ৩-৪ জন তাঁর কক্ষে ঢুকে পড়ে। এরপর তাকে খাটে বসিয়ে রেখে তারা বলে, ‘চুপ করে বসে থাকেন, কথা বললে সমস্যা হবে।’

একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে আলমারি খুলে এবং দানবাক্স ভেঙে নগদ প্রায় ৩০ হাজার টাকা, একটি সাউন্ড বক্সসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। চলে যাওয়ার সময় তারা বাইরে থেকে কক্ষের দরজা আটকে দেয়। পরে তিনি পাশের কক্ষের দুই শ্রমণকে ডেকে দরজা খোলান।

তবে পুলিশ এই ঘটনাকে ডাকাতি বলতে নারাজ। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম জানান, বিহারে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। বিহারের পাশেই ভান্তের আবাসস্থল। ভোরে তিনি বিহারে যাওয়ার জন্য দরজা খুললে কতিপয় ব্যক্তি ভেতরে ঢুকে একটি সাউন্ড বক্স ও কিছু টাকা নিয়ে যায়। জোরপূর্বক বা দরজা ভেঙে প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনায় আইনগত ব্যবস্থা প্রসঙ্গে ওসি জানান, এ বিষয়ে বিহার কর্তৃপক্ষের লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।