চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাসিমপুর এলাকায় অবস্থিত বিজয়া রামবিহারে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোররাত চারটার দিকে মুখোশধারী অস্ত্রধারীরা বিহারের এক ভিক্ষুকে জিম্মি করে টাকা ও মূল্যবান সামগ্রী লুটপাট করে পালিয়ে যায়।
বিহারের ভিক্ষু জ্ঞান রক্ষিত জানান, ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে ভোররাত চারটার দিকে তিনি তাঁর কক্ষের দরজা খোলেন। এ সময় হঠাৎ কয়েকজন ব্যক্তি দা-কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁর কক্ষে ঢুকে পড়ে। এরপর তাঁকে কক্ষের খাটে বসিয়ে রেখে অস্ত্রধারীরা বলেন, ‘চুপ করে বসে থাকেন, কথা বললে সমস্যা হবে।’
ভিক্ষু আরও বলেন, হুমকির পর অস্ত্রধারীরা তাঁর কাছ থেকে আলমারির চাবি ছিনিয়ে নেন। আলমারি খুলে প্রায় ৩০ হাজার টাকা, একটি সাউন্ড বক্সসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে তারা পালিয়ে যায়। ডাকাতরা যাওয়ার সময় কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। পরে পাশের কক্ষের দুই শ্রমণকে ডেকে দরজা খোলার ব্যবস্থা করেন ভিক্ষু জ্ঞান রক্ষিত।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিহার কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করার কথা রয়েছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।