মুঠোফোন চ্যাটিংয়ের মাধ্যমে পরিচয়, যা পরে প্রেমে রূপ নেয়। প্রায় দেড় বছর সম্পর্কের পর গত ৩ আগস্ট চীন থেকে বাংলাদেশে এসেছেন ৩৫ বছর বয়সী চীনা নাগরিক জিয়াং। তিনি বরিশালের বাকেরগঞ্জের তরুণী জান্নাতুল ইসলাম ইভাকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।

জিয়াং চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা। অন্যদিকে, ইভা বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের জাকির হাওলাদারের মেয়ে।

ইভা জানান, ২০২৪ সালে ঢাকার বসুন্ধরা সিটিতে মুঠোফোন কেনার সময় তিনি তিনজন চীনা নাগরিকের সংস্পর্শে আসেন। একপর্যায়ে তাদের মাধ্যমে জিয়াংয়ের সাথে তার পরিচয় হয়। এরপর চ্যাটিংয়ের মাধ্যমে কথা বলা শুরু হয় এবং ধীরে ধীরে তা প্রেমের সম্পর্কে দাঁড়ায়।

ইভার ভাষ্য, প্রায় দেড় বছর সম্পর্কের পর গত ৩ আগস্ট বাংলাদেশে আসেন জিয়াং। সেদিনই তাদের প্রথম সরাসরি দেখা হয়। পরদিন ৪ আগস্ট নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের এফিডেভিট করেন জিয়াং। এরপর রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে ইভাকে বিয়ে করেন তিনি।

সম্প্রতি জিয়াংকে নিয়ে গ্রামের বাড়ি বাকেরগঞ্জে যান ইভা। গত ১০ সেপ্টেম্বর সেখানে গায়েহলুদের আয়োজন করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পারিবারিকভাবে আয়োজন করা হয় বৌভাতের।

ইভা বলেন, "জিয়াং গ্রাম খুব পছন্দ করেন। বাবা-মায়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল আমার বিয়েতে বড় আয়োজন করার। তাই গ্রামে এসে অনুষ্ঠান করা হয়েছে।"

স্বামীর সঙ্গে যোগাযোগের বিষয়ে ইভা বলেন, "জিয়াংয়ের ভাষা তিনি অল্প অল্প বুঝতে পারেন, বাকিটা অনুবাদ অ্যাপের মাধ্যমে কথা বলেন। জিয়াং পরিবারের সবার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করছেন এবং দেশীয় খাবার ও গ্রামের পরিবেশ বেশ পছন্দ করেছেন।"

অনুবাদ অ্যাপের মাধ্যমে জিয়াং জানান, "অনলাইনে চ্যাটিংয়ের সূত্র ধরে ইভার সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক তৈরি হয়। সেই ভালোবাসার টানেই বাংলাদেশে এসে বিয়ে করেছেন। পরবর্তীতে স্ত্রীকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।"

ইভার বাবা জাকির হাওলাদার বলেন, "জামাই হিসেবে জিয়াংকে আমরা মেনে নিয়েছি। এক মাসের বেশি সময় ধরে সে বাংলাদেশে আছে। আমার মেয়ের পাসপোর্ট তৈরির কাজও শেষ হয়েছে। কিছুদিন পর ইভাকে নিয়ে সে চীনে ফিরে যাবে।"

তবে জিয়াংয়ের বাংলাদেশে আসা ও বিয়ের বিষয়ে তারা অবগত নন বলে জানিয়েছে পুলিশ। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, "জিয়াং বৈধ পাসপোর্টে বাংলাদেশে এসেছেন কি না এবং স্থানীয় এক নারীকে বিয়ে করেছেন কি না, তা তদন্ত করে দেখা হবে।"