রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকায় এক ঘণ্টার ব্যবধানে দুটি আলাদা স্থান থেকে দুই পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে এই ঘটনাগুলো ঘটে। এর মধ্যে একজনের মরদেহ জাতীয় ঈদগাহের পাশের ফুটপাতে এবং অন্যজনের মরদেহ ঈদগাহ সংলগ্ন কদম ফোয়ারা থেকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বয়স্ক এক ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর এবং অন্যজন প্রায় ৪৫ বছর বয়সী ছিলেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, "দুজনেই ভবঘুরে হতে পারেন। তাঁরা ঈদগাহের আশপাশের ফুটপাতে থাকতেন। অসুস্থতার কারণে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"
ওসি আরও জানান, জাতীয় ঈদগাহের পাশের ফুটপাতে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।