ভোলার দৌলতখান উপজেলায় প্রাইভেট পড়তে বাসা থেকে বের হওয়ার পর মো. ওমর নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওমরের বয়স ১৪ বছর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। একদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ওমর দৌলতখান উপজেলার মধ্য জয়নগর এলাকার বাসিন্দা ফরহাদ হোসেনের ছেলে। তিনি খায়ের হাট রাস্তার মাথায় অবস্থিত তামীরুল উম্মাহ মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন ওমর। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ চালিয়েছেন, তবে তার কোনো খোঁজ মেলেনি।

ওমরের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তার সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেছে পরিবার।

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, "ওমর নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাকে খুঁজে বের করতে পুলিশ বিষয়টি দেখছে।"