সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয়, তারপর প্রেম। সেই সম্পর্কের টানে সুদূর চীন থেকে বাংলাদেশের রংপুরে এসেছেন এক যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ বছর বয়সি ওই যুবকের পূর্বের নাম ঝাওহুইয়ান। তবে বিয়ের পর তাকে আয়ান ইসলাম নামে ডাকা হয়।
গত ২৫ আগস্ট বাংলাদেশে পাড়ি জমান ওই চীনা যুবক। দেশে আসার মাত্র ১৬ দিন পর গত ১০ সেপ্টেম্বর তিনি পীরগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের বাসিন্দা আবিদা সুলতানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আবিদা সুলতানা সোলাইমান মিয়ার কন্যা।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রায় এক বছর আগে ফেসবুকে আবিদা সুলতানা ও চীনের ওই যুবকের মধ্যে পরিচয় গড়ে ওঠে। এতে তাদের মধ্যে প্রেমের সম্পর্কের সূত্রপাত হয়। পরে সেই প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসে আবিদার পরিবারের সাথে যোগাযোগ করেন আয়ান।
এলাকাবাসী জানান, চলতি বছর এসএসসি পরীক্ষায় আবিদা অকৃতকার্য হওয়ার পর তার পরিবার অন্যত্র বিয়ের কথা ভাবছিল। কিন্তু তাতে রাজি না হয়ে ফেসবুকে পরিচিত ওই যুবককেই বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন আবিদা। এরপর পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রের দাবি, বিয়ের আগে ওই যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তার নাম আয়ান ইসলাম রাখা হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। বিশেষ করে চীন থেকে প্রেমের টানে এক যুবকের পীরগঞ্জে এসে বিয়ে করার বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছে।
পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের ইউপি সদস্য রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, "বিষয়টি আমি জানি। ছেলেটি চীন থেকে এসেছে এবং গতকাল (বৃহস্পতিবার) তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।"