খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের মাধ্যমে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। তিনি জানান, সবুজায়ন বৃদ্ধি, বনভূমি রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কয়রা উপজেলার বেদকাশী কাছারিবাড়ির ঐতিহ্যবাহী বটতলায় উত্তর বেদকাশী বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বৃক্ষমেলা বাস্তবায়ন কমিটির সভাপতি সরদার মতিয়ার রহমানের সভাপতিত্বে এবং সদস্যসচিব সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন মনিরুল হাসান বাপ্পী।
তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এই অঞ্চলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও পতিত জমিতে বেশি করে গাছ লাগাতে হবে। সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।"
ঘূর্ণিঝড়, বায়ুদূষণ, বন্যা, খরতাপ, নদীভাঙন এবং বজ্রপাতের ঝুঁকি কমাতে বৃক্ষরোপণ অপরিহার্য উল্লেখ করে তিনি সবুজায়নের মাধ্যমে টেকসই বাংলাদেশ গঠনে আহ্বান জানান।
কয়রা-পাইকগাছা এলাকার উন্নয়ন নিয়ে মনিরুল হাসান বাপ্পী বলেন, এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে কাজ চলছে। শুধু আধুনিক নয়, অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এলাকা হিসেবে কয়রা-পাইকগাছাকে গড়ে তোলা তাদের লক্ষ্য। ইতিমধ্যে হাসপাতাল, স্টেডিয়াম, স্কুল ও কলেজের নতুন ভবনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের কাজও চলছে। যৌক্তিকতা বিবেচনায় নিয়ে কয়েকটি প্রতিষ্ঠানের বিষয়ে চিঠি ইস্যু করা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও জাতীয়করণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা ও খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, ডা. আব্দুল মজিদ, নূরুল আমিন বাবুল, এম এ হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল মান্নান মিস্ত্রী এবং জেলা জাসাসের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ।
এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান বেল্টু, জি এম মাওলা বক্স, শরিফুল আলম, আব্দুস সামাদ, অধ্যাপক আবুল কালাম, জিএম রফিকুল, হাবিবুর রহমান, নাজমুল হুদা, সালাউদ্দিন লিটন, সাইফুজ্জামান, আইয়ুব আলী, রওশন মোল্লা, গোলাম রসুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্লা আইয়ুব হোসেন, জিএম রাসেল ইসলাম, জাহিদুর রহমান শোভন, পীর আলী, মোহতাসিম বিল্লাহ, জামাল জাফরিন, ডিএম হেলালউদ্দিন, আবুল কালাম আজাদ কাজল, আরিফ বিল্লাহ সবুজ, মামুন হাসান, এহসানুল ইছান ও জুবায়ের হোসেনসহ অন্যান্যরা।
উত্তর বেদকাশী ঐতিহ্যবাহী বৃক্ষ মেলা ২৬ বছর ধরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের মেলায় উপজেলার বিভিন্ন নার্সারি শতাধিক স্টলে ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছের চারা নিয়ে অংশ নিয়েছে। মেলার বিভিন্ন স্টল পরিদর্শন শেষে মনিরুল হাসান বাপ্পী সাধারণ মানুষকে আরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানের পর জেলা পরিষদের প্রশাসক কয়রা সেন্ট্রাল হাসপাতাল উদ্বোধন করেন। এরপর তিনি কয়রা উপজেলা জামে মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।