কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ডিজিটাল বিজ্ঞাপন কেনার নতুন প্ল্যাটফর্ম ‘অ্যাডজোইক’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্রচলিত পদ্ধতির তুলনায় এই প্ল্যাটফর্ম বিজ্ঞাপনের খরচ কমানোর পাশাপাশি সঠিক লক্ষ্যভুক্ত দর্শকের কাছে বিজ্ঞাপন পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে।
গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাডজোইকের উদ্বোধন করা হয়। প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ডিসেলস’-এর আওতায় এই প্ল্যাটফর্মটি কার্যক্রম পরিচালনা করবে। একই অনুষ্ঠানে বিক্রয় বৃদ্ধি এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং সহজীকরণের লক্ষ্যে ‘আম্ব্রেলাএক্স’ নামের আরেকটি প্ল্যাটফর্মকে অ্যাডজোইকের সাথে সংযুক্ত করার ঘোষণা দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডজোইকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জয়ন্ত চ্যাটার্জী, ব্যবস্থাপনা পরিচালক কে এম আমিনুর রহমান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা টিপু আরবিদ উপস্থিত ছিলেন। সংস্থাটির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডিসেলসের অধীনে অ্যাডজোইক ও আম্ব্রেলাএক্স যৌথভাবে ডিজিটাল প্রোগ্রামেটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং সেলস অটোমেশনকে একটি স্মার্ট ড্যাশবোর্ডের মাধ্যমে সমন্বয় করেছে। এই ব্যবস্থা এশিয়া জুড়ে ডিজিটাল ব্যবসার ধারাকে পরিবর্তন করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অ্যাডজোইকের প্রধান নির্বাহী (সিইও) জয়ন্ত চ্যাটার্জী বলেন, "অনেক সময় ব্যবসায়ীরা অনুমান করে অনলাইনে বিজ্ঞাপন দেন। এতে প্রচুর টাকা ও সময় নষ্ট হয়; কিন্তু আসল ক্রেতা পাওয়া যায় না। অ্যাডজোইক মূলত সঠিক ডেটা ব্যবহার করে খুব কম খরচে একদম আসল ক্রেতার কাছে বিজ্ঞাপন পৌঁছে দিতে কাজ করবে।"
কোম্পানির চিফ টেকনোলজি অফিসার (সিটিও) টিপু আরবিদ বিষয়টি ব্যাখ্যা করে জানান, অ্যাডজোইক সাধারণ কোনো সামাজিক যোগাযোগমাধ্যম বিজ্ঞাপন ব্যবস্থাপনার টুল নয়; এটি একটি ডিমান্ড-সাইড প্ল্যাটফর্ম (ডিএসপি)। কোনো তৃতীয় পক্ষের কুকির ওপর নির্ভর না করে প্ল্যাটফর্মটি ১০ মিলিসেকেন্ডের কম সময়ে সিদ্ধান্ত নিতে পারে এবং ১০০ মিলিসেকেন্ডের ডিজিটাল নিলামের মাধ্যমে কম খরচে বিজ্ঞাপন নিশ্চিত করতে পারে।