ইন্টারনেটের মতোই এক বিশাল ডিজিটাল জগৎ, যেখানে রয়েছে অনলাইন শপিং সাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন কনটেন্ট ফিড এবং ব্যাংকিং সেবার ড্যাশবোর্ড। বাইরে থেকে দেখলে সবকিছুই বাস্তব মনে হবে, তবে বাস্তবে এই ওয়েবসাইটের কোনোটিই আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ব্রাউজিং এজেন্টকে সম্পূর্ণ নিরাপদ পরিবেশে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যেই গুগল এমন একটি কৃত্রিম ইন্টারনেট তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘মিরর ডাইমেনশন’।

গুগলের নিরাপত্তাবিষয়ক ব্লগে প্রকাশিত তথ্যানুযায়ী, মিরর ডাইমেনশন হলো একটি নিয়ন্ত্রিত ডিজিটাল ইকোসিস্টেম। এখানে ক্রোম ব্রাউজারের জেমিনাই-চালিত ‘অটো ব্রাউজ’ সুবিধার এআই এজেন্টকে বিভিন্ন অনলাইন কার্যক্রমের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই বিশেষ পরিবেশে এআই এজেন্ট স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটে প্রবেশ করতে পারে, লিংকে ক্লিক করতে পারে, অনলাইন ফরম পূরণ করতে পারে, পডকাস্ট ডাউনলোড করতে পারে এবং কেনাকাটাও করতে পারে। তবে এই সব কাজের জন্য তাকে কোনো প্রকৃত ওয়েবসাইটে যেতে হয় না, ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বা বাস্তব অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি থাকে না।

দৈনন্দিন জীবনের নানা অনলাইন কাজ নিজে থেকে সম্পন্ন করতে সক্ষম এআই এজেন্ট তৈরি করতে হলে বিপুল পরিমাণ পরীক্ষার প্রয়োজন হয়। এর জন্য শত শত ওয়েবসাইটে হাজার হাজার বার পরীক্ষা চালাতে হয়। কিন্তু প্রকৃত ইন্টারনেটে এই ধরনের পরীক্ষা চালানো অত্যন্ত কঠিন, কারণ ওয়েবসাইটগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হয়। ফলে একই পরিবেশে বারবার পরীক্ষা চালিয়ে নির্ভরযোগ্য ফলাফল পাওয়া সম্ভব হয় না।

এর পাশাপাশি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিও থাকে। পুরোপুরি প্রস্তুত নয় এমন কোনো এআই এজেন্টকে সরাসরি ইন্টারনেটে ছেড়ে দিলে তার ভুল সিদ্ধান্তের কারণে ব্যবহারকারীর প্রকৃত অ্যাকাউন্টে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আসতে পারে, যা আর্থিক বা ব্যক্তিগত ক্ষতির কারণ হতে পারে।

এআইয়ের কার্যকারিতা যাচাইয়ের ক্ষেত্রে ‘ইভাল্যুশন অ্যাওয়ারনেস’ নামের একটি বিশেষ সমস্যা রয়েছে। আধুনিক এআই মডেলগুলো অনেক সময় বুঝতে পারে যে তাদের পরীক্ষা করা হচ্ছে। এই বিষয়টি আঁচ করতে পারলে এআই স্বাভাবিক আচরণ না করে অতিরিক্ত সতর্ক হয়ে যায়। ফলে বাস্তব পরিস্থিতিতে সে কীভাবে কাজ করবে, তা পরীক্ষার ফলাফল থেকে সঠিকভাবে বোঝা কঠিন হয়ে পড়ে। এই সমস্যা দূর করতেই গুগল এমন একটি পরিবেশ তৈরি করেছে, যেখানে এআইয়ের কাছে পুরো বিষয়টিই প্রকৃত ইন্টারনেট ব্যবহারের মতো মনে হয়।

মিরর ডাইমেনশন তৈরিতে গুগল ‘জিভাইজর’ নামক একটি প্রযুক্তি ব্যবহার করেছে। এর মাধ্যমে সম্পূর্ণ বিচ্ছিন্ন ও নিয়ন্ত্রিত ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এই ব্যবস্থায় এআই যখনই কোনো পরিচিত ওয়েবসাইটে প্রবেশ করতে চায়, স্বয়ংক্রিয়ভাবে তাকে ওই ওয়েবসাইটের একটি কৃত্রিম সংস্করণে নিয়ে যাওয়া হয়। তবে ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারে ওয়েবসাইটের আসল ঠিকানাই প্রদর্শিত হয়, ফলে এআই বুঝতে পারে না যে সে একটি কৃত্রিম সংস্করণ ব্যবহার করছে।

এই ব্যবস্থা চালু করার সময় ব্রাউজারের নিরাপত্তাব্যবস্থার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করেছে গুগল। ক্রোমে ওয়েবসাইটের নিরাপত্তা যাচাইয়ের জন্য অত্যন্ত কঠোর ব্যবস্থা রয়েছে। তাই এই পরীক্ষামূলক পরিবেশের জন্য বিশেষভাবে তৈরি ভুয়া ওয়েব সার্টিফিকেট ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে ব্রাউজার কোনো নিরাপত্তা সতর্কবার্তা না দেখিয়েই কৃত্রিম ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে পারে।

গুগল আশ্বস্ত করে জানিয়েছে যে, সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের ক্রোম ব্রাউজারে হ্যাকারদের পক্ষে এ ধরনের ব্যবস্থা তৈরি করা সম্ভব নয়। কারণ, মিরর ডাইমেনশন কেবল গুগলের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন ব্যক্তিগত পরীক্ষামূলক নেটওয়ার্কে কাজ করে। এছাড়া প্রতিটি পরীক্ষা শুরুর আগে পরিবেশটিকে নতুন করে প্রস্তুত করা হয়, যাতে আগের পরীক্ষার কোনো কাজ পরবর্তী ফলাফলে প্রভাব ফেলতে না পারে।

হাজার হাজার বাস্তবসম্মত ওয়েবসাইট হাতে তৈরি করা যেমন সময়সাপেক্ষ, তেমনি ব্যয়বহুল। এই সমস্যা সমাধানে গুগল একাধিক এআই এজেন্টকে নিয়োগ করেছে, যাদের প্রত্যেকের দায়িত্ব আলাদা। প্রথমে গবেষণার দায়িত্বে থাকা এআই এজেন্টগুলো একটি ওয়েবসাইটের প্রয়োজনীয় বৈশিষ্ট্য ও কার্যক্রম নির্ধারণ করে। যেমন—অনলাইন কেনাকাটার সাইটে শপিং কার্ট, ডিসকাউন্ট কুপন ব্যবহারের ব্যবস্থা এবং অন্যান্য সুবিধা কীভাবে কাজ করবে, তার পরিকল্পনা তারা করে।

এরপর নির্মাণের দায়িত্বে থাকা এআই এজেন্টগুলো সেই পরিকল্পনা অনুযায়ী ওয়েবসাইটের কোড লেখে। সবশেষে পর্যালোচনার দায়িত্বে থাকা এআই এজেন্টগুলো ক্রোমের ডেভেলপার টুল ব্যবহার করে বিভিন্ন বাটনে ক্লিক করে, স্ক্রিনশট নেয় এবং ত্রুটি শনাক্ত করে। কোনো সমস্যা পাওয়া গেলে তা সংশোধনের জন্য সংশ্লিষ্ট এজেন্টকে জানানো হয়।

এই প্রক্রিয়ায় অনলাইন শপ, রান্নার রেসিপি সাইট, স্থানীয় কেনাবেচার প্ল্যাটফর্ম এবং ব্যাংকিং ড্যাশবোর্ডসহ বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যা এআই এজেন্টকে বাস্তব ইন্টারনেটের কাছাকাছি অভিজ্ঞতা প্রদান করে।

মিরর ডাইমেনশন তৈরির অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের ‘প্রম্পট ইনজেকশন’ আক্রমণ থেকে সুরক্ষিত রাখা। এই ধরনের আক্রমণে হ্যাকাররা ওয়েবপেজের লেখা বা ছবির মধ্যে গোপনে ক্ষতিকর নির্দেশনা লুকিয়ে রাখে। এআই এজেন্ট ওই পেজে প্রবেশ করলে সেই নির্দেশনা অনুসরণ করে ব্যবহারকারীর অজান্তেই অনাকাঙ্ক্ষিত কাজ করতে পারে।

প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, গুগলের এআই এজেন্ট অস্বাভাবিক ওয়েব ঠিকানা দেখেই বুঝতে পারছিল যে তাকে পরীক্ষা করা হচ্ছে। এই সমস্যা সমাধানে প্রকৌশলীরা পরবর্তীতে ওয়েবসাইটের অদৃশ্য হেডারের মধ্যে আক্রমণের সংকেত লুকিয়ে রাখার ব্যবস্থা করেন। এতে এআইয়ের পক্ষে পরীক্ষার বিষয়টি আগে থেকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

এই স্বয়ংক্রিয় ব্যবস্থার সাহায্যে একজন নিরাপত্তা প্রকৌশলী প্রতিদিন এক হাজারের বেশি সম্ভাব্য সাইবার হামলার পরিস্থিতি তৈরি করতে পারেন, যা মানুষের হাতে করার তুলনায় ৩০ গুণের বেশি দ্রুত। তবে এসব পরীক্ষায় গুগলের এআই এজেন্ট কতবার সফল বা ব্যর্থ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।

সূত্র: ইন্ডিয়া টুডে