বাংলাদেশ খেলাফত মজলিস সংসদে পাসকৃত 'কোরআন-সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬' বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা ঢাকাসহ বিভিন্ন জেলা ও উপজেলায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর উত্তরের আয়োজনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, "সংসদে পাসকৃত কোরআন-সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর বিল একটি দূরভিসন্ধিমূলক পদক্ষেপ। দীর্ঘ দিনের মীমাংসিত সম্পত্তি ব্যবস্থাকে নতুন করে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।"
তিনি আরও বলেন, "সরকারের ভেতরে পশ্চিমা দালালরা দেশের সামাজিক সংস্কৃতি ও ইসলামি মূল্যবোধের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে।" দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সন্ত্রাস ও চাঁদাবাজিতে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, "এমন পরিস্থিতিতে বিতর্কিত আইন করে সরকার দেশকে আরও অস্থিতিশীল করে তুলছে। ইসলামবিরোধী আইন করার ফল সরকারের জন্য সুখকর হবে না।"
এ সময় তিনি অবিলম্বে সম্পত্তি হস্তান্তর বিল প্রত্যাহারের দাবি জানান। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লা আমিন বলেন, "মীমাংসিত বিষয়কে নতুন করে বিতর্কিত করে জনগণের ওপর কোনো আইন চাপিয়ে দেওয়া যাবে না।" তিনি সরকারকে জনমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে এবং উত্তরের সাধারণ সম্পাদক মুরশিদ সিদ্দিকী ও দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলামের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, মাওলানা আনোয়ার হোসেন রাজী, মাওলানা আবুল কাশেম মিয়াজী, মাওলানা শামসুল আলম, মাওলানা গাজী মাসউদুর রহমান, মাওলানা আনিসুর রহমান কাসেমী, মাওলানা আতিকুর রহমান, মোহাম্মদ জাবেদ হোসাইন, মাওলানা আবু হানিফ নোমান, মিজানুর রহমান, আবুল কালাম ও ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এছাড়াও গাজীপুর, সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, মাইজদি, চৌমুহনী, ছাতক, বিজয়নগর ও শাহরাস্তিসহ দেশের অন্যান্য জেলা ও উপজেলাগুলোতেও একই ধরনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।