বাংলাদেশ জামাতে ইসলামী রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬ পাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বিরোধী দলের তীব্র আপত্তি সত্ত্বেও সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন পাস করা হয়েছে।

গোলাম পরওয়ার আইনটিকে কোরআন-সুন্নাহবিরোধী দাবি করে বলেন, তিলমাত্র অপেক্ষা না করে গতকালই কালো আইনটি পাস করা হয়েছে। এ আইনের প্রতিবাদে আমাদের পীর, বুজুর্গ, নেতা ও এমপিরা কথা বলতে না পারায় মুখে কালো কাপড় বেঁধে ওয়াকআউট করেছেন।

তিনি আরও বলেন, জনগণের বিভিন্ন দাবিতে জামাতে ইসলামী দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। তবে সম্পত্তি হস্তান্তর আইন শুধু রাজনৈতিক বিষয় নয়; এটি মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গেও জড়িত। ১৯৪১ সালের সামরিক শাসক আইয়ুব খান এই পারিবারিক আইন পরিবর্তনের চেষ্টা করেছিলেন। তখন তৎকালীন পূর্ব পাকিস্তানের আলেম সমাজ ও মুসলিমরা আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করে। তিনি এ আইনে হাত দিতে পারেননি। এমনকি ব্রিটিশ আমলে ১৯৩৭ সালে প্রণীত আইনটি প্রায় ১০০ বছরের কাছাকাছি পুরনো হলেও তা মানুষের তৈরি আইন ছিল। কিন্তু ব্রিটিশরাও মুসলিম জনগোষ্ঠীর বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে মুসলিম পারিবারিক আইনে হাত দিতে সাহস করেনি।

গোলাম পরওয়ার আরও বলেন, নির্বাচনের আগে ও পরে জনগণকে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করা হবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান আইন পাসের মাধ্যমে সরকার সেই প্রতিশ্রুতি থেকে সরে গেছে। এই প্রতিবাদ এখানেই শেষ হবে না। সমাবেশ থেকে আইনটি বাতিলের দাবি জানিয়ে ভবিষ্যতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।