সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে বাংলাদেশে ১০ থেকে ১২ জনকে পুশইন করার চেষ্টা করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র দৃঢ় অবস্থানের মুখোমুখি হয়ে ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজিবি জানায়, প্রচণ্ড বৃষ্টি ও খারাপ আবহাওয়ার সুযোগ নিতে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিডবোট নিয়ে কালিন্দী নদীর মধ্যস্থ চর এলাকার ‘ছোট বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট’ নামক স্থানে উপনীত হয়। সেখানে তারা অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর উদ্দেশ্যে কাজ শুরু করে।

ঘটনার খবর পেয়ে খুরমী বিওপির টহলদল বিষয়টি নজরে আনে। এরপর প্রচণ্ড বৃষ্টির মধ্যেও দ্রুত স্পিডবোটে ঘটনাস্থলে পৌঁছে বিজিবি সদস্যরা ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির শক্ত অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে ঢোকাতে ব্যর্থ হন। সকাল ১১টার দিকে বিএসএফ সদস্যরা বাধ্য হয়ে ওই ১০ থেকে ১২ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, "দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।"

তিনি আরও বলেন, "পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ১৭ বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।"