চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ করে তার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্থানীয় লোকজন এক চায়ের দোকানিকে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম মোবারক সরদার। এলাকায় তাঁর একটি চায়ের দোকান রয়েছে এবং তাঁর পাঁচ সন্তান রয়েছে। ভুক্তভোগী কিশোরী মোবারকের স্বজনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন মাস আগে মোবারক কৌশলে ওই কিশোরীকে ডেকে নিয়ে যায় নিজের বসতঘরে। সে সময় ঘরে পরিবারের অন্য কেউ ছিলেন না। এই সুযোগে তিনি কিশোরীকে ধর্ষণ করেন এবং ওই ঘটনা নিজের মুঠোফোনে ভিডিও করেন। পরে কাউকে না জানাতে ওই কিশোরীকে হুমকি দেন তিনি। তিন-চার দিন আগে মোবারক ওই ভিডিওটি ছড়িয়ে দেন, যাতে করে বিষয়টি জনসমক্ষে আসে।
বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে কিশোরীর বাড়িতে সালিস বৈঠক বসে। মোবারক নিজে উপস্থিত না থাকলেও তাঁর পক্ষের কয়েকজন সদস্য হাজির হন। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিস শেষ হয়।
আজ শুক্রবার সকালে মোবারক আবারও ওই কিশোরী ও তার পরিবারকে হুমকি দেন এবং দেখে নেওয়ার কথা বলে শাসান। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে মোবারককে পিটিয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ভুক্তভোগী কিশোরীর বাবা অভিযোগ করেন, তাঁর মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওই কিশোরী অথবা তার বাবা মামলাটি করবেন। মামলা করার পর আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।