রংপুরের পীরগাছায় দুর্বৃত্তদের হামলায় প্রায় ৪১০টি পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী কৃষকের আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের উত্তর চন্ডিপুর এলাকায় এই ঘটনা ঘটে। গত বুধবার দিবাগত রাতে রাতের আঁধারে দুর্বৃত্তরা ওই এলাকার কৃষক শফিকুল ইসলামের ৪৪ শতক জমিতে থাকা পেঁপে বাগানে ঢুড়ে গাছগুলো কেটে ফেলে। সকালে বাগানে গিয়ে কৃষক ক্ষতিগ্রস্ত অবস্থা দেখতে পান।

ভুক্তভোগী কৃষক শফিকুল ইসলাম, মৃত বাছের উদ্দিনের ছেলে, জানান, "রাতের আঁধারে আমার বাগানের প্রায় ৪১০টি পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে আমার আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।"

এ বিষয়ে তিনি পীরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করে বলেন, "ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পেঁপে গাছ কাটার ঘটনাটি সত্য। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেখানে কোনো সিসি ক্যামেরাও ছিল না। আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় এলাকার কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) যাচাই করব। এ জন্য কিছুটা সময় লাগবে। ঘটনায় ক্ষতিসাধনের একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"