শীতের আমেজ বা বিকেলের নাস্তায় বিন্নি নারকেল পিঠা হতে পারে দারুণ একটি পছন্দ। খুব সহজ কিছু উপকরণ এবং সঠিক প্রক্রিয়ায় ঘরেই তৈরি করা যায় এই সুস্বাদু পিঠা।
প্রয়োজনীয় উপকরণ:
চাল: ২ কাপ
কোরানো নারকেল: ১ কাপ
গুড়: আধা কাপ (স্বাদমতো)
এলাচ: ২টি
লবণ: ১ চিমটি
পানি: প্রয়োজনমতো
তেল: ভাজার জন্য পরিমাণমতো
প্রস্তুত প্রণালী:
প্রথমে চাল ভালো করে ধুয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। পরদিন সকালে চালের পানি ঝরিয়ে একটি পাতলা কাপড়ের ওপর ছড়িয়ে দিন। কিছুক্ষণ রেখে চাল শুকিয়ে নিয়ে শিল-পাটা বা গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়া করে চেলে নিতে হবে।
এরপর একটি প্যানে গুড়, কোরানো নারকেল ও এলাচ দিয়ে রান্না করে নিন। খেয়াল রাখতে হবে যেন রান্না করা নারকেলটি বেশ শুকনা হয় এবং পরিবেশনের আগে অবশ্যই এলাচ দুটি উঠিয়ে নিতে হবে।
এখন চালের গুঁড়ার সঙ্গে রান্না করা নারকেল, সামান্য লবণ এবং প্রয়োজনমতো পানি মিশিয়ে একটি গোলা তৈরি করুন। খেয়াল রাখবেন, গোলাটি যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়।
সবশেষে কড়াই বা প্যানে পরিমাণমতো তেল গরম করে চামচ বা কাপের সাহায্যে গোলা নিয়ে তেলে ছেড়ে দিন। এক পিঠ হয়ে গেলে সাবধানে উল্টে দিয়ে অপর পিঠ ভেজে নিন। কয়েকবার উল্টে-পাল্টে লালচে করে ভেজে কিচেন টিস্যুর ওপর নামিয়ে নিন।
পছন্দ অনুযায়ী গরম বা ঠান্ডা করে পরিবেশন করা যাবে এই পিঠা। তবে ঠান্ডা হলে পিঠাটি কিছুটা শক্ত ও মচমচে হয়ে যায়, যা খেতে আরও সুস্বাদু লাগে।