ঢাকার কেরানীগঞ্জে নকল সার ও নিষিদ্ধ কীটনাশক উৎপাদন ও মোড়কজাত করার অপরাধে জিয়াউর রহমান নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার হযরতপুর এলাকায় র‌্যাব-১০, উপজেলা প্রশাসন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন কর্মকর্তাদের সমন্বিত টিম এই অভিযান পরিচালনা করে।

র‌্যাব সূত্র জানায়, অভিযানের সময় হযরতপুর এলাকায় জিয়াউর রহমানের কারখানা থেকে নকল সার তৈরি ও প্যাকেটজাতকরণ এবং নিষিদ্ধ কীটনাশক উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে তাকে কারাদণ্ড প্রদান করা হয়।

এ ছাড়া অভিযানে আরও ছয়টি অবৈধ কারখানা থেকে বিপুল পরিমাণ নকল সার ও কীটনাশক জব্দ করা হয়। সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়। পরে জব্দকৃত সব পণ্য আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, "নকল সার ও নিষিদ্ধ কীটনাশক কৃষি এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"