ঢাকার কেরানীগঞ্জে বাল্যবিয়ের অপরাধে মেয়ের বাবা, বর এবং ঘটককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই মামলায় মেয়ের বোনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। ঘটনাটি ঘটেছে শাক্তা ইউনিয়নের রামেরকান্দা গ্রামে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বরকে এক মাস এবং মেয়ের বাবা ও ঘটককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মেয়ের বোনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড নির্ধারণ করা হয়েছে।

বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, পুরুষের ক্ষেত্রে ২১ বছর এবং নারীর ক্ষেত্রে ১৮ বছর পূর্ণ না হলে তাদের অপ্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করা হয়। অপ্রাপ্তবয়সে বিয়ে করা এই আইনে দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করা হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, "বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাল্যবিয়ে আয়োজন ও সহযোগিতার দায়ে মেয়ের বাবা, বর ও ঘটককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কাজীকেও আটকের চেষ্টা চলছে।"

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, স্থানীয়ভাবে বাল্যবিয়ের খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। আইনজীবীরা জানান, বাল্যবিয়ের মাধ্যমে শিশুদের মানবাধিকার লঙ্ঘন এবং স্বাস্থঝুঁকি বাড়ানোর জন্য সরকার কঠোর অবস্থানে রয়েছে।