সংবাদ সংগ্রহে নারী সাংবাদিকদের শরিয়ত সম্মতভাবে দায়িত্ব পালন করা উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেছেন, ‘নারী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে তাদের কোনো বাধা নেই। তবে ইসলামী আন্দোলনের দলীয় অনুষ্ঠান বা ইসলামপন্থি কোনো আয়োজনে সংবাদ সংগ্রহের জন্য এলে পর্দা করে আসা উচিত।’
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে নারী সংবাদকর্মীরা সামনে বসবেন, নাকি পেছনে বসবেন? সেই প্রশ্নের সূত্র ধরে ‘পর্দা করার’ প্রসঙ্গ তোলেন ফয়জুল করিম। তিনি বলেন, ‘আমার কথা হইল, আমার কোনো বোন যদি আসে, শরিয়ত সম্মতভাবে আসবে। আমরা সেটাকে বাধা দিচ্ছি না।’
তিনি বলেন, ‘যারা শরিয়তকে মানেন, আমার বোনটারও উচিত।’
দলটির নেতা নারীদের সঙ্গে টকশো করতে যান, মহাসচিবসহ অনেকে টকশো করেছেন, সাংবাদিকদের মধ্য থেকে এমন কথা তোলা হলে তিনি বলেন, ‘না, না, এটা ঠিক না। এ তথ্যটাও ঠিক না; মহাসচিব করেন নাই। একটা করছিল; আমরা বাধা দিয়েছি।’