বয়স ৪৭ পেরিয়ে গেলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও বল হাতে প্রোটিয়া স্পিনার ইমরান তাহিরের জাদু কমার নাম করছে না। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) পাঁচ উইকেট শিকার করে তিনি নতুন করে বিশ্বরেকর্ড গড়েছেন।

সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলায় ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তাহির। ৪৭ বছর ১৬৬ দিন বয়সে এই কীর্তি গড়ে তিনি পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে পাঁচ উইকেট নেওয়া সবচেয়ে বেশি বয়সী বোলার হিসেবে ইতিহাস গড়েছেন।

এর আগে এই রেকর্ডটি ছিল কুক আইল্যান্ডসের তোমাকানুতে রিতাওয়ারের দখলে। ২০২২ সালে ফিজির বিপক্ষে ৪৬ বছর ২৯৯ দিন বয়সে ১৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। গত বছর তাহির নিজেই এই রেকর্ডের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন; ৪৬ বছর ১৪৮ দিন বয়সে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন। তবে এবার তিনি আর কাউকে সামনে রাখলেন না।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শুরুটা ভালোই করেছিল সেন্ট লুসিয়া। এক উইকেটে ৫৪ রান তুলে তারা এগিয়ে থাকলেও, এরপর ম্যাচের চিত্র বদলে দেন তাহির এবং বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।

নিজের প্রথম সিপিএল ম্যাচেই মিরাজ ভাঙেন জন ক্যাম্পবেলের সঙ্গে কামিল পুরানের জুটি। এরপর পুরান ও রস্টন চেজকে ফেরান তাহির। একই ওভারে কেমল স্যাভরি ও চারিথ আসালাঙ্কাকে বিদায় করলে ধস নামে সেন্ট লুসিয়ার ব্যাটিংয়ে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। তাহির পরে ম্যাককেনি ক্লার্ক, ম্যাথু ফোর্ড ও জশুয়া বিশপকে ফিরিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট। তার বোলিং ফিগার দাঁড়ায় ৪-০-১৭-৫। অন্যদিকে মিরাজ ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ৩ উইকেট।

তাহির-মিরাজের ঘূর্ণিতে ১৮.৫ ওভারে ১১৯ রানেই অলআউট হয় সেন্ট লুসিয়া। সর্বোচ্চ ৪৩ রান করেন কামিল পুরান।

ছোট লক্ষ্য তাড়া করতেও ঘাম ঝরেছে গায়ানার। রস্টন চেজের তিন উইকেটে একটা সময় ম্যাচে ফেরার আশা জেগেছিল সেন্ট লুসিয়ার। তবে শেষদিকে মাত্র ১১ বলে অপরাজিত ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন কোয়েন্টিন স্যাম্পসন। ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে চার উইকেটের জয় পায় গায়ানা।

এই পাঁচ উইকেট তাহিরের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ পাঁচ উইকেট শিকার। পুরুষদের স্বীকৃত টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নেওয়ার সংখ্যায় এখন তিনি দ্বিতীয় স্থানে। ৭ বার এই কীর্তি গড়ে সামনে আছেন ডেভিড উইসে।