অনিবার্য কারণবশত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আয়োজিত মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বইমেলাটির উদ্বোধন অনুষ্ঠিত হবে। এর আগে নির্ধারিত ছিল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় এটি শুরু হতো।

দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও ইসলামি বইয়ের সমারোহে আয়োজিত এই বইমেলায় দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানসহ বিপুলসংখ্যক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পবিত্র কুরআন, হাদিস, সীরাত, ইসলামী সাহিত্য, গবেষণা, ইতিহাস, সংস্কৃতি এবং শিশু-কিশোরদের উপযোগী ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক গ্রন্থসহ বিভিন্ন ধরনের বই এখানে পাওয়া যাবে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই বইমেলা সর্বস্তরের মানুষের মধ্যে ইসলামী জ্ঞান, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিতব্য উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।